স্ট্রোকে আক্রান্ত রাবি শিক্ষার্থী সাইমনকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় স্থানান্তর

আপলোড সময় : ০৯-০৮-২০২৬ ০৭:৫৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৮-২০২৬ ০৮:০৩:০৭ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: 


স্ট্রোকে গুরুতর অসুস্থ হয়ে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম সাইমনকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তাকে রাজধানীর জাতীয় নিউরোসায়েন্সেস ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের হোস্টেলসংলগ্ন খেলার মাঠ থেকে এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। জানা গেছে, শনিবার রাতে ছাত্রাবাসে অবস্থানকালে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন সাইমন। বিষয়টি জানতে পেরে সহপাঠীরা দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।


রামেক হাসপাতালে প্রয়োজনীয় বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচারের সুযোগ না থাকায় তাকে এয়ার অ্যাম্বুল্যান্সে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সাইমনের সহপাঠী সৌরভ জানান, সকালে ঘুমন্ত অবস্থায় সাইমন খাট থেকে পড়ে যান। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে দেখা যায় তার শরীর শক্ত হয়ে গেছে। এরপর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। সৌরভ আরও জানান, এর আগেও সাইমন দুইবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আইসিইউতে ভর্তি করানোর ব্যবস্থা করে।


চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া প্রয়োজন ছিল। সড়কপথে স্থানান্তর ঝুঁকিপূর্ণ হওয়ায় এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে।তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও দেশবাসীর কাছে সাইমনের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করার আহ্বান জানান। --

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com