জাবিতে প্রশাসনিক ভবনে তালা দেওয়ার ঘোষণা

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০১:৪৬:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০১:৪৬:৫৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ১২ মে রাতে এক নারী শিক্ষার্থীর ওপর ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলন চলমান রয়েছে। ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পার হওয়ার পর প্রক্টরিয়াল বডিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নারী শিক্ষার্থীরা। প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দিয়েছেন তারা।

শুক্রবার রাত ২টা থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। সকাল ৯টা পর্যন্ত অবস্থানের পর তারা প্রেস ব্রিফিংয়ে জানান, গত ১৩ মে আমরা ৬ দফা দাবি উত্থাপন করে অপরাধীকে গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসন ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছে এবং ভুল ছবি প্রচার করে বিভ্রান্তি তৈরি করেছে। তারা বলেন, এই প্রক্টরের আমলে তরিকুল ধর্ষণকাণ্ড ও শারমিন হত্যা মামলা হয়েছে, অথচ উপাচার্য তাকে ‘সবচেয়ে অ্যাফিসিয়েন্ট প্রক্টর’ বলে অভিহিত করেছেন।

প্রেস ব্রিফিংয়ের পর শিক্ষার্থীরা প্রক্টর অফিসের তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন। তারা জানান, আগামীকাল থেকে রেজিস্ট্রার ভবনে সব প্রশাসনিক কার্যক্রম অবরোধ করা হবে। প্রক্টরের পদত্যাগ, অপরাধী গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।

অবস্থান কর্মসূচির এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের তীব্র বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে আন্দোলনরত এক নারী শিক্ষার্থী উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করলে উপাচার্য তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ হয়েছে। পুলিশ চেষ্টা করছে এবং কিছু অগ্রগতি আছে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিতে হলে অভিযোগকারী ও যাদের বিরুদ্ধে অভিযোগ, উভয় পক্ষের বক্তব্য শুনে তদন্ত কমিটির মাধ্যমে সিদ্ধান্ত নিতে হয়”। বাসভবনের সামনে দাড়িয়ে প্রক্টরকে অব্যাহতি দেওয়ার সুযোগ নেই।

উপাচার্য আরও বলেন, ভুল ছবি প্রকাশের বিষয়টিও তদন্ত কমিটিতে দেখা হবে। তিনি আশা প্রকাশ করেন যে, শিক্ষার্থীরা তদন্তের জন্য কিছু সময় দেবেন।

এদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সকল নারী ও পুরুষ শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষকে আন্দোলনে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছেন।











 
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com