কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৪১:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০৫:৪১:১৯ অপরাহ্ন
কেন্দুয়ায় অগ্নিকাণ্ডে কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্তদের পাশে বিএনপি স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের গাড়াউন্দ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি গাভী ও দুটি ছাগল পুড়ে মারা গেছে। এ ঘটনায় আরও তিনটি গবাদিপশু মারাত্মকভাবে দগ্ধ হয়েছে। বুধবার দিবাগত গভীর রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, গাড়াউন্দ গ্রামের কৃষক সোহেল মিয়া ও জুয়েল মিয়ার গোয়ালঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। এতে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে থাকা দুটি গাভী ও দুটি ছাগল আগুনে দগ্ধ হয়ে মারা যায়। এছাড়া আরও তিনটি গবাদিপশু গুরুতর আহত হয়েছে। ঘটনার খবর পেয়ে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী, যিনি বর্তমানে বিদেশ সফরে রয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতি সহমর্মিতা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক লিটন মাস্টার, জেলা জাসাসের সদস্য সচিব গজনবী চয়ন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ হিলালী ইমনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে ইউনিয়ন প্রশাসক কৃষি অফিসার উজ্জ্বল সাহা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন পেলে সরকারি সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে। এ বিষয়ে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী মুঠোফোনে জানান, তিনি দেশে ফিরে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করবেন। পাশাপাশি উপজেলা প্রশাসনকেও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com