মোঃ সাকিব, দিনাজপুর হিলি প্রতিনিধি:
“অধিকার আদায়ে, আমরা সবাই একসাথে” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে পেশার মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) দুপুরে হিলি শহরের প্রধান সড়কে এ মানববন্ধনের আয়োজন করেন বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। এতে হিলি ও আশপাশের এলাকার বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মরত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা প্রতিদিন নানা প্রতিকূল পরিবেশে কাজ করেন। চিকিৎসক, ফার্মেসি ও বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় তারা নিরাপত্তাহীনতা, অবহেলা ও অসম্মানজনক আচরণের শিকার হন। অথচ স্বাস্থ্যসেবা খাতে ওষুধ সরবরাহ ও তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, কর্মক্ষেত্রে হয়রানি বন্ধ এবং যথাযথ সম্মান প্রদানের দাবিতে তারা দীর্ঘদিন ধরে সোচ্চার। কিন্তু এখনো অনেক ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের কাজের স্বীকৃতি দিতে হবে এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অযৌক্তিক চাপ ও বৈষম্যমূলক আচরণ বন্ধ করে একটি সম্মানজনক কর্মপরিবেশ গড়ে তোলার দাবি জানান তারা।
প্রতিবাদী মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবির পক্ষে সংহতি প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ন্যায্য অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।