​পূর্বধলায় বাস–সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

আপলোড সময় : ০২-০৫-২০২৬ ০১:৪৮:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৫-২০২৬ ০১:৪৮:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ–বিরিশিরি মহাসড়কের ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের আয়নাল হক (৫৭)। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতরা হলেন— একই উপজেলার আগিয়া ইউনিয়নের দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক সারা তাবাসসুম উর্মি এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার মো. মনির হোসেন (২৩)। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস ইলাশপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হকের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। অপর তিনজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর বাসটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ বাসটি জব্দ করেছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com