বজ্রপাতে কোলের মেয়ে বাঁচলেও বাবা চলে গেলেন পরপারে

আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ১২:০৯:২৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ১২:০৯:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বজ্রপাতের কত ঘটনাই তো ঘটে! কিন্তু রাজবাড়ীর ঘটনাটি মানুষের মনকে ক্ষণিকের জন্য হলেও উদাস করে দেয়। কে জানত, বাবার কোলে চড়ে দোকানে যাওয়ার পথে মেয়ে বাড়িতে ফিরবে কিন্তু বাবা আর ফিরবেন না? তাই হয়েছে রাজবাড়ী জেলাতে।

বজ্রপাতে সুমন মণ্ডল নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মর্জোতকোল গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত সুমন মণ্ডল (৩৫) ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে।

সুমনের বন্ধু মফিজুল ইসলাম রুবেল জানান, সুমন একটি এনজিওতে চাকরি করতেন। সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই থাকতেন। এদিন সকালে তার সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে কিছু কিনতে বেরিয়েছিলেন। যাওয়ার পথেই হঠাৎ বজ্রপাত হয়। বিকট শব্দে কোল থেকে ছিটকে পড়ে যায় ছোট্ট সাফিয়া, আর মাটিতে লুটিয়ে পড়েন বাবা সুমন।

স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মেয়ে সাফিয়ার নাক ও কান দিয়ে সামান্য রক্ত বের হলেও বর্তমানে সে সুস্থ রয়েছে ।

মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান বলেন, সুমন মণ্ডলের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, মিজানপুর ইউনিয়নে বজ্রপাতে একজন নিহত হয়েছেন। আমাদের লোক ঘটনাস্থলে গেছে।
 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com