জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৫:৩৬:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৫:৩৬:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ও কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু)।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে সংহতি জানিয়ে অংশ নেন সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, দেশে সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। বুলেট বৈরাগীর হত্যাকাণ্ডের বিচার দাবি করে তিনি বলেন, প্রশাসন যদি যথাযথ নিরাপত্তা দিতে পারত, তবে আমাদের ভাইকে এভাবে নির্মমভাবে প্রাণ দিতে হতো না।

তিনি আরও অভিযোগ করেন, বর্তমান প্রশাসন ‘মেরুদণ্ডহীন’ হয়ে পড়েছে। মা-বোনদের ওপর নির্যাতন ও একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী নীরব ভূমিকা পালন করছেন। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

এ সময় জবি ডিবেটিং সোসাইটির সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, নির্বাচিত সরকার বিপুল আসন পেয়েও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার উন্নয়নের কথা বললেও বাস্তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না।

সরকার ও বিরোধী দলের ‘নাটকীয় কার্যকলাপ’ বন্ধের আহ্বান জানিয়ে তিনি সাধারণ মানুষকে রাজপথে নেমে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান আকাশ বলেন, মানুষ পরিবর্তনের আশায় জীবন বাজি ধরেছিল, কিন্তু সেই পরিবর্তন আসেনি। যে রাষ্ট্র একজন প্রথম শ্রেণির কর্মকর্তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, সেই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার নৈতিক অধিকার নেই। হয় নিরাপত্তা নিশ্চিত করুন, না হয় পদত্যাগ করুন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com