দেড় ঘণ্টার বৃষ্টিতে ভাসছে কুমিল্লা সিটি করপোরেশন

আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০৪:০৫:৪২ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০৪:০৫:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
দেড় ঘণ্টার বৃষ্টিতে পানিতে ভাসছে কুমিল্লা নগরী। ১৫ বছর আগে কুমিল্লা সিটি করপোরেশনে উন্নীত হওয়ার পরও প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসনে কার্যকর কোনো ভূমিকা রাখেনি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ । ফলে কয়েক মিলিমিটার বৃষ্টি হলেই তলিয়ে যায় কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়ক; যার কারণে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে।

দেশের অন্যতম প্রাচীন পৌর শহর কুমিল্লা ২০১১ সালে সিটি করপোরেশনে উন্নীত হয়েছিল। পরবর্তীতে ২০১২ সালে প্রথম ও ২০১৭ সালে দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হন মনিরুল হক সাক্কু। দুটি নির্বাচনে প্রার্থীদের প্রতিশ্রুতি জলাবদ্ধতা নিরসনের থাকলেও দিনে দিনে বাড়ছে এ সমস্যা।

১০ বছর মেয়াদেও কুমিল্লা সিটি করপোরেশনকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে পারেননি তিনি। তারপর ২০২২ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আরফানুল হক রিফাত এবং তাহসিন বাহার সূচনা দুই বছর মেয়রের দায়িত্ব পালন করেন। তারাও জলাবদ্ধতা নিরসনে কোনো ভূমিকা রাখেননি।

জুলাই গণঅভ্যুত্থানের পর সরকারের দুজন উচ্চপদস্থ কর্মকর্তা প্রশাসকের দায়িত্ব পালন করলেও এখন দায়িত্ব পেয়েছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। গত এক মাস ধরে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পালন করছেন তিনি।

মঙ্গলবার সকালে নগরীতে ১০২ মিলিমিটার বৃষ্টি হয়। সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় কুমিল্লা নগরীর প্রধান প্রধান সড়ক। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষসহ স্কুলগ্রামী শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকালের দেড় ঘণ্টার বৃষ্টিতে নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়, স্টেডিয়াম রোড, বাগিচাগাঁও, ছোটরা, রেসকোর্স ধর্মপুর, নজরুল এভিনিউসহ অধিকাংশ প্রধান প্রধান সড়ক ডুবে যায়। একদা ব্যাংক ও ট্যাঙ্কের শহর কুমিল্লায় ব্যাংকের সংখ্যা বাড়লেও প্রতিনিয়ত কমছে ট্যাঙ্ক বা পুকুর। এতে জলাধার কমায় বৃষ্টির পানিতে বিগত প্রায় দুই দশক ধরে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com