কুড়িগ্রামে কুলির টাকায় নির্মিত কাঠের সেতু বদলে দিল জনজীবন

আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০২:৪০:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০২:৪০:০৮ অপরাহ্ন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় এক কুলি শ্রমিকের ব্যতিক্রমী মানবিক উদ্যোগে নির্মিত একটি কাঠের সেতু বদলে দিয়েছে কয়েক গ্রামের মানুষের জীবনযাত্রা। দীর্ঘ প্রায় দুই যুগের দুর্ভোগের অবসান ঘটিয়ে এই সেতুটি এখন স্থানীয়দের জন্য স্বস্তির নতুন পথ হয়ে উঠেছে।
 
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা পৌরসভার জোনাইডাঙ্গা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ আব্দুল করিম নিজের সীমিত সামর্থ্যকে কাজে লাগিয়ে প্রায় অসম্ভব এক কাজ বাস্তবায়ন করেছেন। প্রায় ২৫ বছরের কষ্টার্জিত সঞ্চয়, একটি মোটরসাইকেল ও একটি খাসি বিক্রির অর্থ এবং কিছু ঋণ মিলিয়ে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে তিনি নির্মাণ করেন ১২০ ফুট দীর্ঘ একটি কাঠের সেতু।
 
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এতদিন এই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা ছিল উলিপুর রেলস্টেশন-এর পাশের পুরনো ও ঝুঁকিপূর্ণ রেলসেতু। সেটি ব্যবহার ছিল অত্যন্ত বিপজ্জনক। প্রায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা নিয়ে মানুষকে চলাচল করতে হতো।
 
বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ রোগী ও দিনমজুরদের জন্য এই পথ ছিল চরম ভোগান্তির। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠত, অনেক সময় পা পিছলে পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
 
এখন নতুন নির্মিত কাঠের সেতুর কারণে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ নিরাপদ ও সহজে চলাচল করতে পারছেন। এটি তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
 
সেতুটির উদ্বোধন করা হয় গত ১৭ এপ্রিল, মোঃ আব্দুল করিমের মায়ের হাত দিয়ে। এ উপলক্ষে সেতুর নিচে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। পুরো এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সবাই তার এই উদ্যোগকে আন্তরিকভাবে প্রশংসা করেন।
 
এ বিষয়ে মোঃ আব্দুল করিম বলেন, “এখানকার রেল ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ ছিল। মানুষকে প্রতিদিন কষ্ট করে যাতায়াত করতে দেখতাম। অনেক সময় দুর্ঘটনাও ঘটত। অনেক জনপ্রতিনিধি আসলেও কেউ উদ্যোগ নেয়নি। তাই অনেক দিনের স্বপ্ন ছিল এখানে একটি সেতু নির্মাণ করবো। কুলির কাজের টাকা, মোটরসাইকেল বিক্রি, খাসি বিক্রি ও ঋণের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবায়ন করেছি।”
 
স্থানীয়দের মতে, মোঃ আব্দুল করিমের এই উদ্যোগ শুধু একটি সেতু নির্মাণ নয়, বরং মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com