বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০৫:১৮:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০৫:১৮:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবনসংলগ্ন খুঁড়িয়াখালী গ্রাম থেকে একটি মায়াবী চিত্রল হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে সুন্দরবন থেকে নদী সাঁতরে ওই গ্রামের জামাল মিয়ার বাড়িতে ঢুকে পড়ে হরিণটি।

খবর পেয়ে বনবিভাগ, ওয়াইল্ড টিম, ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি) এবং স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় হরিণটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধারকারীদের ধারণা, বাঘের তাড়া খেয়ে হরিণটি লোকালয়ে চলে আসে।

ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, ভেজা শরীরে হরিণটি জামাল মিয়ার বাড়িতে ঢুকে পড়ে। পরে গ্রামবাসীর সহায়তায় সেটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া স্ত্রী হরিণটির ওজন আনুমানিক ২৫ কেজি। বাঘের তাড়া খেয়ে অথবা দলছুট হয়ে হরিণটি লোকালয়ে চলে আসতে পারে। সকাল ১০টার দিকে হরিণটি রেঞ্জ অফিসসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, সুন্দরবনের প্রাণীদের মধ্যে হরিণ তুলনামূলক ভীতু প্রকৃতির। অস্বাভাবিক কিছু ঘটলে তারা হার্ট অ্যাটাকেও মারা যেতে পারে। তবে প্রশিক্ষিত দলের উপস্থিতির কারণে হরিণটিকে সুস্থ ও স্বাভাবিকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]