প্রতিষ্ঠার চার বছরের মাথায় স্কুল আগুনে পুড়ে ছাই

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০১:৪৩:০৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০১:৪৩:০৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ির রামগড়ে কলাবাড়ী উচ্চ বিদ্যালয় নামে একটি বেসরকারি মাধ্যমিক স্কুল প্রতিষ্ঠার চার বছরের মাথায় আগুনে পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাত আনুমানিক পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে টিনশেডের পুরো স্কুলঘর আসবাবপত্র ও অন্যান্য সব মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।

স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল কাদের জানান, শনিবার রাত আনুমানিক পৌনে ৮টার দিকে স্কুলঘরের পশ্চিম অংশে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই পুরো স্কুলঘর পুড়ে যায়। এ সময় স্কুলে কেউ ছিল না। তিনি বলেন, রোববার এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তিনি আরও বলেন, আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রেণিকক্ষ, কম্পিউটার, শিক্ষকদের কক্ষ, আইপিএস, অফিস কক্ষ, আসবাবপত্র কোনো কিছুই অবশিষ্ট নেই; সবকিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি জানান, ২০২২ সালে তৎকালীন খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস এবং রামগড়ের ইউএনও খন্দকার ইফতেখার উদ্দিন আরাফাতের উদ্যোগে উপজেলার পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকা কলাবাড়ীতে স্কুলটি প্রতিষ্ঠা করা হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম বলেন, খবর পাওয়ার পরই রামগড় থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যায়। তবে তারা পৌঁছানোর আগেই স্কুলটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে বের করা হবে।

রামগড় ফায়ার স্টেশনের ইনচার্জ বিশ্বান্তর বিকাশ বড়ুয়া জানান, খবর পেয়ে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ করে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]