চট্টগ্রামে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, দূরপাল্লায় এখনো অপরিবর্তিত

আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০১:২২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০১:২২:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে চট্টগ্রামে লোকাল গণপরিবহনের ভাড়া আজ রোববার সকাল থেকে বেড়েছে। নগরীর ডিজেলচালিত লোকাল মাহিন্দ্রা ও টেম্পুতে বহদ্দারহাট থেকে নতুন ব্রিজ এবং বহদ্দারহাট থেকে ওয়াসা পর্যন্ত ১৮ টাকা থেকে ভাড়া ২২ টাকা করা হয়েছে। একইভাবে লোকাল বাসগুলোতেও ভাড়া ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। মুরাদপুর থেকে ফটিকছড়ির বিবিরহাট রুটে ভাড়া ১০০ টাকা থেকে বাড়িয়ে ১২০ টাকা নেওয়া হচ্ছে।

তবে এখনো দূরপাল্লার পরিবহনগুলোতে ভাড়া বৃদ্ধি কার্যকর হয়নি।

পরিবহন সংশ্লিষ্টরা জানান, মালিকপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত দূরপাল্লার পরিবহনে আগের ভাড়াই নেওয়া হবে। পরবর্তীতে সিদ্ধান্ত এলে ভাড়া সমন্বয় করা হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম–কক্সবাজার রুটের বাসগুলোতেও একই অবস্থা দেখা গেছে।

সৌদিয়া পরিবহনের বহদ্দারহাট কাউন্টারের ম্যানেজার মো. জুয়েল জানান, এখনো আগের ভাড়াই কার্যকর রয়েছে এবং নির্দেশনা না পাওয়া পর্যন্ত তা পরিবর্তন করা সম্ভব নয়।

এদিকে, পাম্পে তেল নিতে আসা চালক রফিক জানান, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে হয়। এর মধ্যে আবার দাম বাড়ায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে।

দেশে জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে, যা ১৮ এপ্রিল রাত ১২টা থেকে কার্যকর হয়েছে। নতুন দামে ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি পেয়েছে।এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব পড়েছে। গণপরিবহনের ভাড়া বাড়ায় যাতায়াত খরচ ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]