পাদপ্রদীপের আলোয় পাকিস্তানের সেনাপ্রধান

আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০৩:৪৬:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০৩:৪৬:৩৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে পাকিস্তান। আর এই প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

ফিল্ড মার্শাল আসিম মুনির নিজেকে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরান উভয় দেশই মধ্যস্থতাকারী হিসেবে তাকে পছন্দ করছে। যুদ্ধরত দেশ দুটি তাদের দুই সপ্তাহের যুদ্ধবিরতি বাড়ানো হবে কি না তা বিবেচনা করছে, যা শেষ হতে চলেছে আগামী সপ্তাহে।

বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি হলে তা স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তান সফরে যেতে পারেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘ফিল্ড মার্শাল চমৎকার কাজ করছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীও অসাধারণ। তাই আমি হয়তো যাব। তারা আমাকে চায়।’

ইরানের গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আসিম মুনির তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।

গত সপ্তাহে ইসলামাবাদে অনুষ্ঠিত দীর্ঘ শান্তি আলোচনায় গালিবাফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে স্বাগত জানাতে আসিম মুনির উপস্থিত ছিলেন এবং আলোচনা সহজতর করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আলোচনা কোনো চুক্তি ছাড়া শেষ হলেও উভয় পক্ষই এখন শান্তিচুক্তিতে পৌঁছাতে আলোচনার জন্য দুই সপ্তাহের যুদ্ধবিরতি আরো বাড়ানোর কথা বিবেচনা করছে।

পাকিস্তানের সেনাপ্রধান উভয় পক্ষের কাছ থেকেই আশাতীত ব্যক্তিগত আস্থা অর্জন করেছেন, তা স্পষ্ট। ট্রাম্প মুনিরের প্রশংসা করে তাকে তার ‘প্রিয় ফিল্ড মার্শাল’ বলে অভিহিত করেছেন। বুধবার তেহরানে সামরিক পোশাকে অবতরণের সময় আরাগচি মুনিরকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং বলেন যে ইরান তাকে স্বাগত জানাতে পেরে উচ্ছ্বসিত। পাশাপাশি আলোচনায় মধ্যস্থতা করার জন্য দেশটির প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে পেরেছে পাকিস্তান। সেইসঙ্গে সৌদি আরব ও চীনের সঙ্গে সম্পর্ককে কাজে লাগিয়ে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করতে সক্ষম হয়েছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে গড়ে ওঠা ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক দেশটির মর্যাদা বাড়িয়ে দিয়েছে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]