কে এম সোহেব জুয়েল
বরিশালের গৌরনদীতে এম সুমন স্মৃতি প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ঈদুল ফিতরের তৃতিয় দিন সোমবার রাতে উপজেলার পশ্চিম হাপানিয়া গ্রামে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ শর্ট পিচ টূর্নামেন্টের শেষ ম্যাচে ভ্যালিয়ান্ট টাইগার্স একাদশ বনাম ড্রীম টিম ইউনাইটেডের মধ্যে অনুষ্ঠিত হয়। ১৪ ওভারের নির্ধারিত খেলায় ভ্যালিয়ান্ট টাইগার্স একাদশ ৯৫ রান করেন। জবাবে ৮ উইকেট হাতে রেখে সহজেই জয় তুলে নেয় ড্রীম টিম ইউনাইটেডের খেলোয়াররা।
খেলা শেষে আয়োজক কমিটির উপস্থিতিতে বিজয়ী দলকে প্রাইজমানি হিসেবে পাঁচশ’ ডলার, ট্রফি এবং রানার্সআপ দলকে তিনশ’ ডলার, ট্রফি পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার সাদাত তোতা। বিশেষ অতিথি ছিলেন ফিনট্যাক্স কনসালট্যান্টের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম পিন্টু, সুমন স্মৃতি সংঘের প্রধান পৃষ্ঠপোষক ও খেলা পরিচালনা কমিটির আহবায়ক এইচএম রোকনুজ্জামান, শিক্ষক এসএম জাকির হোসেন প্রমূখ।
আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন-প্রতি বছরের ন্যায় এবছরও অত্যন্ত জাকজমকপূর্ন ভাবে সুমন স্মৃতি প্রিমিয়ার লীগের আয়োজন করা হয়। এবছর সিজন-৫’র টূর্নামেন্টে স্থানীয় পাঁচটি দল অংশগ্রহন করেন। প্রত্যেকটি ম্যাচ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। খেলায় বিজয়ী ও রানার্সআপ দল ছাড়াও অপর তিনটি দলের খেলোয়ার, অ্যাম্পায়ার, সেরা খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।