দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতি ভঙ্গ করেছে

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০৪:০৩:২৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৪:০৩:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
সিটি করপোরেশন ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে সরকার গণতান্ত্রিক রীতিকে ভঙ্গ করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা্ আব্দুল হালিম। দলের পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

মঙ্গলবার দুপুরে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে তিনি এই প্রতিবাদ জানান।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের পর মাত্র একমাস গেছে। আমরা অপেক্ষায় থাকবো, আমরা প্রতিবাদ করছি। সামনে পর্যায়ক্রমে আমরা প্রতিবাদ-প্রতিরোধ কর্মসূচি দেব। তিনি বলেন, সরকার তাদের ইশতেহারের কাজ নিয়ে এগিয়ে যাবে, আমরা বিরোধীদল হিসেবে জনগণের অগ্রাধিকারের কথা তুলে ধরবো। এর মাধ্যমে সরকার বিরোধীদলের সঙ্গে সমন্বয় করে ভূমিকা রাখতে পারলে ইতিবাচক হবে, না হলে আন্দোলন মাঠে চলবে, সংসদও উত্তপ্ত হবে। আমরা সেভাবেই ভূমিকা রাখবো।

মাওলানা আব্দুল হালিম বলেন, গত ২২ ফেব্রুয়ারি ৬ সিটি করপোরেশনে এবং ১৪ মার্চ ৫টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়েছে। অথচ ইফতারের দাওয়াত দেওয়ার সময় স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আলাপচারিতায় বোঝা গিয়েছিল যে, খুব শিগগিরই স্থানীয় নির্বাচন হবে। জাতীয় নির্বাচনের পর জনগণের প্রত্যাশা-স্বাভাবিকভাবেই স্থানীয় নির্বাচন হওয়ার কথা। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে, সরকার ১১ টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়েছে। এই প্রশাসকরা হলেন, তাদের দলীয় নেতাকর্মী এবং যারা নির্বাচনে হেরেছেন। যেমন ঢাকা-১৫ আসনে হারা শফিকুল ইসলাম মিল্টনকে ঢাকা উত্তর সিটির প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। খুলনায় নিয়োগ দেওয়া হয়েছে পরাজিত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে।

তিনি বলেন, হারজিত থাকবেই, কোন ব্যক্তিকে টার্গেট করে কথা বলছি না। আমাদের বক্তব্য হলো-সরকার গণতান্ত্রিক ধারাবাহিকতার ওপর সরকার আঘাত করেছে। সরকার অপেক্ষা করতে পারতো। কারণ গত ১৮ বছর আমরা গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য আন্দোলনের সময় ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেসব বিষয় তুলে ধরেছিলাম, সেটারই একটা হচ্ছে-জনমতের তোয়াক্কা না করে দলীয় লোকদের বসানোর সিদ্ধান্ত গ্রহণ করা। সরকার ১১ টি সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের মতামত ও জুলাইয়ের স্প্রিটকে অবজ্ঞা প্রদর্শন করেছে।

মাওলানা আব্দুল হালিম বলেন, ১৫ মার্চ ৪২টি জেলা পরিষদের প্রশাসক নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। জামায়াতে ইসলামী সাতটি জেলায় নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। ৬টি জেলায় একটি ছাড়া সব আসন পেয়েছে। অথচ সরকার ৪২টি জেলায় তাদের দলীয় লোক নিয়োগ দিয়েছে। তারা বিশিষ্ট ব্যক্তি হলে ভিন্নভাবে চিন্তা করার ছিল।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]