নরসিংদীতে খাল খনন ও পুনর্খনন কর্মসূচি উদ্বোধন

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:৩০:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০১:৩০:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলার ৬ উপজেলার ৭১ ইউনিয়নে দুইশ ৮৫ খাল নতুন ও পুনর্খনন করা হবে। এরই অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন উদ্বোধন করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এবং স্থানীয় সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ জেলার ৫জন সংসদ সদস্যকে নিয়ে খাল খনন উদ্বোধন করেন।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খান বলেন, কৃষি প্রধান বাংলাদেশের কৃষি খাতকে এগিয়ে নিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে তুলে নিয়েছিলেন এবং খাল খনন কর্মসূচি চালু করেন। তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কথায় নয়, কাজে বিশ্বাসী। বর্তমান পৃথিবীতে পানির প্রবাহ ঠিক রাখতে না পারলে মানব সভ্যতা বিপদের সম্মূখীন হবে। সেই কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এক মাসের মাথায় খাল খনন কার্যক্রম হাতে নিয়েছেন। সেই সঙ্গে বিশ্ব স্বীকৃত আন্তঃনদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সীমান্তের ওপর বাঁধ দিয়ে জলপ্রবাহ বন্ধ করে রাখা হলে লবণাক্ততার জন্য বাংলাদেশের ভূমির উর্বরতা নষ্ট হবে। সেজন্য জলের প্রবাহ স্বাভাবিক রাখা অতিব গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, কৃষকের জমিতে সেচসহ অধিক উৎপাদন বৃদ্ধি করতে কৃষকের কল্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খনন শুরু হয়েছে। এই খাল খনন কোন লোক দেখানো নয়, এটি জনগণের প্রকৃত কাজে লাগবে। আগামী বর্ষার আগেই কৃষকরা এই খালের শতভাগ সুফল পাবে।

দেশব্যাপী খাল খনন ও পুনর্খননের অংশ হিসেবে উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহিষাখালী খালটি খনন কার্যক্রমের সূচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]