​গোদাগাড়ীতে দমদমা খাল খনন কর্মসূচির উদ্বোধন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার আহ্বান ভূমিমন্ত্রীর

আপলোড সময় : ১৬-০৩-২০২৬ ১১:০১:০৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৩-২০২৬ ১১:০১:০৮ অপরাহ্ন
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু বলেছেন, সারা দেশে যে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করে বাস্তবায়ন করা হচ্ছে। নিজেদের মাটি নিজেরা খুঁড়ে পানি এনে কৃষিকাজে ব্যবহার করলে দেশ খাদ্যে আরও স্বয়ংসম্পূর্ণ হবে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দমদমা খাল খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশ ভয়াবহ খাদ্যসংকট ও দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছিল। সে সময় দেশের জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি, অথচ খাদ্যের তীব্র সংকটে মানুষ দুর্ভোগে পড়েছিল। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে জনগণকে খাল খনন কর্মসূচিতে উদ্বুদ্ধ করেন। এর মাধ্যমে এক ফসলি জমি তিন ফসলিতে রূপান্তরিত হয় এবং ১৯৭৭-৭৮ সালের দিকে দেশ প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে যায়।

তিনি বলেন, ছাত্রজীবনে রাজশাহীতে জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি প্রত্যক্ষ করার সুযোগ হয়েছিল তার। সেই সময় খাল খননের মাধ্যমে স্থানীয় জনগণ উদ্বুদ্ধ হয় এবং এলাকায় কৃষি উৎপাদন ও জীবনমানের ব্যাপক পরিবর্তন ঘটে।

গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বিল লতা খালের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত প্রায় ১ হাজার ২০০ মিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন ভূমিমন্ত্রী।

এ সময় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক আবু বকর সিদ্দিক নান্নুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]