​‎হবিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানে জরিমানা ৯০ হাজার টাকা

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ১২:৩১:১৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ১২:৩১:১৭ পূর্বাহ্ন
‎
‎স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
‎
‎হবিগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি খাদ্য প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, বাসি খাবার সংরক্ষণ, ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একত্রে রাখা এবং নিষিদ্ধ উপকরণ ব্যবহারের অভিযোগে এ জরিমানা করা হয়।
‎
‎শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহেদুল আলম। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎আদালত সূত্রে জানা যায়, শহরের কালিবাড়ি রোড এলাকার ‘কাচ্চি ডাইন’ রেস্তোরাঁয় তল্লাশি চালিয়ে ফ্রিজে গরু ও খাসির কাঁচা মাংস একত্রে সংরক্ষণ এবং লেবেলবিহীন বোরহানি রাখার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎একই অভিযানে শহরের পশ্চিম ভাদৈ এলাকার ‘গ্র্যান্ড নবাব রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এ ফ্রিজে বাসি বিরিয়ানি, পোলাও ও ফ্রাইড চিকেনের সঙ্গে কাঁচা খাবার একত্রে সংরক্ষণ, রান্নাঘরে ঢাকনাবিহীন ডাস্টবিন ব্যবহার এবং নিষিদ্ধ কেওড়া জল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎এ ছাড়া শহরের ‘নোভা সুপারশপ’-
এ মূল্যতালিকার সঙ্গে পণ্যের দামের অসঙ্গতি এবং আমদানিকারকের স্টিকারবিহীন বিদেশি খেজুর বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় ‘কিউরিয়াস রেস্টুরেন্ট’-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও ফ্রিজে বাসি খাবার সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎অভিযানের সময় শহরের আরও একটি খাবারের দোকানে
পচা ও বাসি খাবার সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে আদালত সূত্রে জানা গেছে।
‎
‎জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন বলেন, কিছু প্রতিষ্ঠানে খাদ্য সংরক্ষণ ও প্রস্তুত প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি লঙ্ঘনের বিষয়টি লক্ষ্য করা গেছে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]