হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৫৭:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৫৭:১৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার, বরিশাল

বিএনপি নেতার ওপর হামলা ঠেকাতে গিয়ে সাইফুল ইসলাম নামের সংবাদকর্মী আহত হয়েছেন। এসময় হামলাকারীরা সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৪ মার্চ) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে।


হামলার শিকার আহত সাংবাদিক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে আমার বোনজামাতা প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল মাহিলাড়া বাজারস্থ আমার কম্পিউটারের দোকানে অবস্থান করছিলেন। 


এরই মধ্যে স্থানীয় যুবদল নেতা সোহাগ মোল্লা ও তার ভাই টুটু মোল্লা আমার দোকানের সামনে এসে মাহিলাড়া হাটের ইজারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমার বোনজামাতাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে তেড়ে আসে। এসময় আমি সামনে গিয়ে হামলা ঠেকাতে গেলে আমাকে মারধর করে দোকান ভাঙচুর ও লুটপাট করে।


তবে হামলার অভিযোগ অস্বীকার করে পদবিহীন মাহিলাড়া ইউনিয়ন যুবদল নেতা সোহাগ মোল্লা বলেন, আমাকে মারধর করে উল্টো ফাঁসানো হচ্ছে। আমার ওপর হামলার ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। 


গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 


অপরদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)'র বরিশাল জেলা উত্তর শাখার যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলামের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনতিবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।  



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]