ইবিতে ছুরিকাঘাতে এক শিক্ষিকা নিহত

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:০৮:৫৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:০৮:৫৬ পূর্বাহ্ন
 
 
 
রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
 
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)-তে উপর্যুপরি ছুরিকাঘাতে সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নামের  সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত হয়েছেন। 
 
একই সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করা হয়।
 
বুধবার (৪ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ক্যাম্পাসের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে উক্ত শিক্ষকের ২২৬ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
 
শিক্ষক ও কয়েকজন শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বুধবার সমাজকল্যাণ বিভাগের ইফতার মাহফিল ছিল। এ জন্য বেলা তিনটায় অফিস শেষ হলেও শিক্ষক-শিক্ষার্থীরা বিভাগে অবস্থান করছিলেন। বিকেল চারটার দিকে ক্যাম্পাসের আনসার সদস্যরা বিভাগের চেয়ারম্যানের কক্ষে চেঁচামেচির আওয়াজ শুনতে পান। পরে আনসার সদস্যরা বাইরে থেকে দরজা ধাক্কাধাক্কি করেন। এমন সময় ইফতার আয়োজনের দায়িত্বে থাকা বিভাগের কয়েকজন শিক্ষার্থী ধাক্কাধাক্কির কারণ জানতে ওই শিক্ষকের কক্ষের সামনে উপস্থিত হন। পরে দরজা ভেঙে ওই শিক্ষকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরিকাঘাত করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে প্রক্টরিয়াল বডি ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান।
 
 
জানা গেছে, ফজলুর রহমান (৮-৯) বছর যাবৎ চুক্তিভিত্তিক (দিন হাজিরা) সমাজকল্যাণ বিভাগে কর্মরত ছিলেন। তাঁর মজুরি বাড়ানো নিয়ে মাসখানেক আগে তাঁর সঙ্গে শিক্ষক আসমা সাদিয়ার বাগ্‌বিতণ্ডা হয়। পরে তাঁকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়। সমাজকল্যাণ বিভাগটি দ্বিতীয় তলায়। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ তৃতীয় তলায়। অনেকের ধারণা, এ ঘটনার ক্ষোভের জেরে আজকের ঘটনা ঘটতে পারে।
 
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ঈমাম জানান, হাসপাতালের জরুরি বিভাগে আনার সময় ওই শিক্ষক বেঁচে ছিলেন। তবে ওয়ার্ডে নিয়ে চিকিৎসা শুরু করামাত্রই তিনি মারা যান। তাঁর মাথায় উপর্যুপরি আঘাত করা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আরেকজন পুরুষকে আনা হয়েছে। তাঁর অবস্থা গুরুতর। তাঁকে অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয়েছে।
 
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহীনুজ্জামান জানান, আমরা পুলিশ প্রশাসনকে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। এ সময় একজনের নিথর দেহ ও একজনকে নড়াচড়া অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠায়। পরে জানতে পারি, কর্তব্যরত চিকিৎসক শিক্ষককে মৃত ঘোষণা করেছেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com