তিন মাসের বকেয়া পরিশোধ না করেই বন্ধ কারখানা, শ্রমিকদের বিক্ষোভ

আপলোড সময় : ২৮-০২-২০২৬ ০২:৩২:০৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০২-২০২৬ ০২:৩২:০৫ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীতে তিন মাসের বকেয়া পরিশোধ না করেই কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। শনিবার দুপুর ১২টায় টঙ্গী প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়।
 
শ্রমিকরা জানান, টঙ্গী পশ্চিম থানাধীন কাঠালদিয়া এলাকায় আলট্রা ওয়াশিং অ্যান্ড ডায়িং লিমিটেড কর্তৃপক্ষ তিন মাসের বেতন বকেয়া রেখেই কোনো প্রকার পূর্ব ঘোষণা বা নোটিশ ছাড়াই কারখানা বন্ধ করে দেয়। বকেয়া বেতন না পেয়ে অনেকের সংসারে চুলা জ্বলছে না। শিশুদের পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম, ঘরভাড়া ও নিত্যপ্রয়োজনীয় খরচ জোগাতে হিমশিম খেতে হচ্ছে। দেড় শতাধিক শ্রমিক ও তাদের পরিবার চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।


কারখানার শ্রমিক জাকির হোসেন বলেন, কর্তৃপক্ষ বারবার সময় নিয়ে শুধু আশ্বাসই দিয়ে গেছে। কিন্তু আজ পর্যন্ত এক টাকাও পরিশোধ করেনি। কারখানা কবে খুলবে সে বিষয়েও তারা নিশ্চুপ।


মানববন্ধন শেষে শ্রমিকরা কারখানার গেটে গিয়ে বিক্ষোভ করেন এবং দ্রুত বকেয়া পরিশোধ ও কারখানা চালুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ ব্যাপারে বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কারখানা কর্তৃপক্ষের কাউকে পাওয়া যায়নি।





 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]