নিজস্ব প্রতিবেদন
যশোরের বাঘারপাড়ায় একই স্থানে দুটি পক্ষ সমাবেশের ডাক দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঘারপাড়া পৌরসভার স্বর্ণপট্টি মোড় থেকে চৌরাস্তাসহ তৎসংলগ্ন এলাকা এবং উপজেলা মোড় ও এর আশপাশে সব ধরনের সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত ও মাইক ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার স্বাক্ষরিত এক আদেশে জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার জানান, একই স্থানে ও একই সময়ে দুটি পক্ষ সমাবেশের কর্মসূচি ঘোষণা করায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট এলাকায় এই জরুরি আদেশ জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হচ্ছে।