‎চর বিশ্বনাথপুরে তালী’মুল কুরআন মাদ্রাসা-মসজিদের সীমানা প্রাচীর নির্মাণের দাবি

আপলোড সময় : ২৩-০২-২০২৬ ০২:৫৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০২-২০২৬ ০২:৫৩:৫৭ অপরাহ্ন

‎মাহফুজ রাজা,স্টাফ রিপোর্টার:

‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের চর বিশ্বনাথপুর মধ্যপাড়া এলাকায় অবস্থিত প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান তালী’মুল কুরআন মাদ্রাসা-মসজিদের সীমানা প্রাচীর নির্মাণের জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মসজিদটির চারপাশে কোনো সীমানা প্রাচীর না থাকায় এটি অরক্ষিত অবস্থায় রয়েছে। বিশেষ করে দুই পাশে প্রাচীর না থাকায় গরু-ছাগলসহ বিভিন্ন পশু মসজিদ প্রাঙ্গণে অবাধে বিচরণ করছে। এতে মসজিদের পবিত্রতা বিঘ্নিত হচ্ছে এবং মুসল্লিদের নামাজ আদায়ে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

‎

‎এছাড়া মাদ্রাসার পাশ ঘেঁষে সড়ক থাকায় কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলার সময় প্রায়ই ঝুঁকির মুখে পড়ছে। স্থানীয়রা জানান, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

‎দ্বিতল বিশিষ্ট এ মসজিদে প্রতিদিন শতশত মুসল্লি নামাজ আদায় করেন। পাশাপাশি মাদ্রাসায় অধ্যয়নরত রয়েছে বিপুল সংখ্যক শিক্ষার্থী।

‎

‎ মসজিদের সামনের খোলা জায়গাটি ঈদগাহ মাঠ হিসেবেও ব্যবহৃত হয় এবং জানাজার নামাজ আদায়ের জন্যও নির্ধারিত স্থান হিসেবে পরিচিত।

‎এলাকাবাসী আরও জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে মসজিদ ও মাদ্রাসাটি সরকারি বা বেসরকারি কোনো অনুদান পায়নি। স্থানীয়দের নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ধীরে ধীরে এর অবকাঠামো গড়ে তোলা হয়েছে। বর্তমানে প্রায় ৪০ মিটার জায়গাজুড়ে সীমানা প্রাচীর না থাকায় জমিটি অরক্ষিত পড়ে আছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে।

‎সিদলা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি সোহেল আহমেদ বলেন, মসজিদের জমির ৪০ মিটার সীমানা সংস্কার ও প্রাচীর নির্মাণের দাবিতে প্রায় ৬-৭ মাস আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন জানানো হয়েছে।

‎

‎মসজিদের সভাপতি কুসুম মিয়া ও সাধারণ সম্পাদক আবুল হাসিম বলেন, জনগুরুত্বপূর্ণ এ ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পবিত্রতা রক্ষায় দ্রুত সরকারি উদ্যোগ নেওয়া জরুরি।

‎

‎এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন এবং তালী’মুল কুরআন মাদ্রাসা-মসজিদের সীমানা প্রাচীর নির্মাণে কার্যকর পদক্ষেপ নেবেন।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]