কুমিল্লা প্রতিনিধিঃ
বুড়িচং ও মুরাদনগর এলাকায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে ইটের ভাটা স্থাপনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ, খাদ্য ও কৃষি মন্ত্রী হাজী আমিনুর রশীদ ইয়াছিন বলেছেন, কৃষিজমি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ ২০ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ১টায় কুমিল্লা সার্কিট হাউস-এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “দুষ্ট লোক ফ্যাসিস্ট সরকারের আমলেও ছিল, এখনও আছে। তবে কৃষিজমি নষ্ট করে কেউ পার পাবে না। কৃষি জমি দেশের সম্পদ—এটি রক্ষা করা আমাদের দায়িত্ব।”
মন্ত্রী আরও বলেন, সরকার কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণে আবাদি জমি সংরক্ষণ অত্যন্ত জরুরি। তাই যেসব ব্যক্তি বা গোষ্ঠী অবৈধভাবে ফসলি জমিতে ইটভাটা নির্মাণ করছে, তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসান এবং কুমিল্লা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাংবাদিকরা জানতে চান, বুড়িচং ও মুরাদনগর এলাকায় ইতোমধ্যে যে ইটভাটাগুলো কৃষিজমি দখল করে গড়ে উঠেছে, সেগুলোর বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না। জবাবে মন্ত্রী আশ্বাস দিয়ে বলেন, স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে এবং কোনো প্রভাবশালী মহলকেও ছাড় দেওয়া হবে না।
তিনি স্পষ্টভাবে বলেন, “কৃষিজমি ধ্বংস করে উন্নয়ন নয়, বরং এটি দেশের ভবিষ্যতের জন্য হুমকি। সরকার কৃষকের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে।
এদিকে স্থানীয় সচেতন মহল কৃষিজমি রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।