শহীদ ওসমান হাদি’র হত্যার বিচার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বর হামলা শহীদ ওসমান হাদি’র হত্যার বিচার দাবিতে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে গিয়ে নাগরিক ছাত্র ঐক্যের সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনের ওপর পুলিশের বর্বর হামলার ঘটনায় আমরা গভীরভাবে ক্ষুব্ধ ও মর্মাহত।
ন্যায়বিচারের দাবি জানানো কোনো অপরাধ নয়। অথচ সেই ন্যায্য দাবিকে দমন করতে গিয়ে রাষ্ট্রীয় বাহিনীর নির্মম হামলায় মোশাররফ হোসেন মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জুমা-সহ আরও অনেকে আহত হয়েছেন।
এটি কেবল একজন ব্যক্তির ওপর হামলা নয়; বরং মতপ্রকাশের স্বাধীনতা ও নাগরিকদের গণতান্ত্রিক অধিকারকে সরাসরি পদদলিত করার শামিল। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নাগরিক ছাত্র ঐক্য এই ন্যাক্কারজনক পুলিশি হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে হামলায় জড়িত পুলিশ সদস্যদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছে। একই সঙ্গে আহত মোশাররফ হোসেনসহ সকল আহত নেতাকর্মীর সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি।
আমরা স্পষ্ট করে বলতে চাই - শহীদ ওসমান হাদি’র হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। দমন-পীড়নের মাধ্যমে ন্যায়বিচারের দাবি স্তব্ধ করা যাবে না।
হাদি ভাইয়ের বিচার চাই - এটাই আমাদের অঙ্গীকার।
এই বিবৃতিতে নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ ফজলে রাব্বী ও সদস্য সচিব তানভীর ইসলাম স্বাধীন- সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেনের ওপর পুলিশি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।