হবিগঞ্জ প্রতিনিধি::
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের নিয়মিত চেকপোস্ট তল্লাশিতে ২০ কেজি গাজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সিলেটের তামাবিল থেকে ঢাকাগামী একটি সন্দেহজনক কাভারভ্যান (ঢাকা মেট্রো-২৩-১৭৪৫) থামানো হলে তাতে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মাদক বহনের অভিযোগে কাভারভ্যানের চালক ইউসুফ মিয়াকে (৪৫) আটক করা হয়। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লড়াইচর গ্রামের মৃত আব্দুর রশিদ ব্যাপারির ছেলে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ দেওয়ান আবু তাহের বলেন, হাইওয়েতে মাদক পরিবহন রোধে আমাদের নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
আটক ইউসুফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।