আল্লাহকে নিয়ে কটুক্তির অভিযোগ: দেবীগঞ্জে অভিযুক্ত যুবকের শাস্তির দাবিতে মানববন্ধন

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ০৬:৫৮:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ০৬:৫৮:৪৮ অপরাহ্ন

মোঃ আকতারুজ্জামান
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:


পঞ্চগড়ের দেবীগঞ্জে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তির অভিযোগে নাছির উদ্দিন নামে এক যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে পৌরসদরের বিজয় চত্বরে তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ওয়াসিস আলমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মঞ্জুরুল ইসলাম, মোমিনুল ইসলাম, জিহাদ, বেলাল হোসেনসহ আরও কয়েকজন। বক্তারা অভিযোগ করেন, দণ্ডপাল ইউনিয়নের সুপারিতলা এলাকার নাছির উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করেছেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়লেও প্রশাসন এখনো তাকে গ্রেপ্তার করেনি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা বলেন, বিষয়টি কোনো রাজনৈতিক ইস্যু নয়। দ্রুত নাছির উদ্দিনকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় তৌহিদি জনতা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, “গতকাল ঐ এলাকার মুসল্লিরা থানায় এসেছিলেন। তাদের অভিযোগ দিতে বলা হয়েছে। আমরা খোঁজখবর নিয়েছি-বর্তমানে অভিযুক্ত যুবক এলাকায় নেই। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রেজাউল ইসলাম নামে এক ব্যক্তির ফেসবুক পোস্টে মন্তব্য করে আল্লাহ তায়ালাকে নিয়ে কটুক্তি করেন নাছির উদ্দিন। মুহূর্তেই তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। পরে শুক্রবার (২৮ নভেম্বর) দণ্ডপাল ইউনিয়নে বিক্ষোভ মিছিল বের করেন এলাকাবাসী।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]