তারুণ্যের উৎসব ফুটবল টুর্নামেন্টে শ্বাসরুদ্ধকর জয়—চ্যাম্পিয়ন ঘিলাছড়ি ইউনিয়ন একাদশ

আপলোড সময় : ২৯-১১-২০২৫ ১২:৪০:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-১১-২০২৫ ১২:৪০:২৮ পূর্বাহ্ন
মোঃ আইয়ুব চৌধুরী, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোমাঞ্চকর টাইব্রেকারে ৪–৩ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘিলাছড়ি ইউনিয়ন ফুটবল একাদশ।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল ৩টায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রিয়রতন চাকমার সভাপতিত্বে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান খান।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর মোঃ তানভীর হাসান সিফাত।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ,উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহমেদ রুবেল,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,প্যানেল চেয়ারম্যান এমদাদুল হক মিলন,রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি, সাংবাদিক,তাইতংপাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদ উল্লাহ,জামায়াতের সাধারণ সম্পাদক রেজাউল করিম,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের সহ-সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে
ও উপজেলা ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

ফাইনাল ম্যাচে ঘিলাছড়ি ইউনিয়ন একাদশ বনাম বাঙ্গালহালিয়া ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ ড্র হয়। পরে টাইব্রেকারে ঘিলাছড়ি ইউনিয়ন একাদশ ৪–৩ গোলে বাঙ্গালহালিয়া ইউনিয়ন একাদশকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

ম্যাচ শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। উৎসবমুখর পরিবেশে পুরো মাঠজুড়ে দর্শকদের উল্লাসে প্রতিধ্বনিত হয় তারুণ্যের জয়গান।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স দশম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected]