​অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে - ড. হেলাল উদ্দিন

আপলোড সময় : ২১-১১-২০২৫ ০৮:৫৭:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২১-১১-২০২৫ ০৮:৫৭:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, প্রশাসনের দলীয়করণ বন্ধ না করলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সম্ভব হবে না। আর লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দেওয়া যাবে না। আগামী নির্বাচন জাতির ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণের নির্বাচন।

এই নির্বাচন কোনভাবেই প্রশ্নবিদ্ধ করা যাবে। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন জাতিকে উপহার দিতে জামায়াতে ইসলামীর উত্থাপিত ৫ দফা দাবি মেনে নিতে তিনি অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ৫ দফা দাবি কোনো রাজনৈতিক কর্মসূচি নয় এটি গণমানুষের মুক্তির দাবি। 


শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী রমনা থানার উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থনে বিশাল নির্বাচনী মিছিল পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 



এসময় তিনি আরও বলেন, জনগণ জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উম্মুখ হয়ে আছে। ভোট কেন্দ্র দখলমুক্ত রাখতে পারলে ইসলামের পক্ষে নিরব বিপ্লব সংগঠিত হবে। ভোটকেন্দ্র দখলমুক্ত রাখতে প্রশাসনকে সহযোগিতার জন্য সর্বস্তরের নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ক্ষমতা লোভীরা ভোটেকেন্দ্র দখলের চেষ্টা করবে। অস্ত্রের মহড়া দিবে, কালো টাকার ছড়াছড়ি করবে। সকল ভয়ভীতি উপেক্ষা করে জনগণের ভোটাধিকার প্রয়োগে সহায়তা করতে হবে। আগামী নির্বাচন জাতির পরবর্তী ভাগ্য নির্ধারণ করবে। এই নির্বাচনে যদি অবৈধভাবে কেউ ক্ষমতা দখল করে তবে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।


উপস্থিত ঢাকা-৮ আসনের জনসাধারণের উদ্দেশ্যে ড. হেলাল উদ্দিন বলেন, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে চায় জামায়াতে ইসলামী। এজন্য কৃষক, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ীসহ সকল পেশাজীবিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে হবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রের সকল স্টেকহোল্ডারদের অংশগ্রহনে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত এক কল্যাণ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলবে। তিনি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থা দুর্নীতি-সন্ত্রাস ও চাঁদাবাজ ভয়াবহ ব্যাধিতে রূপ নিয়েছে। ব্যবসায়ী সমাজ সন্ত্রাসী আর চাঁদাবাজদের অত্যাচারে অতিষ্ট। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন নেতৃত্বের প্রয়োজন। পুরাতন দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের পরিবর্তে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত সৎ ও দক্ষ নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, আল্লাহভীরু নৈতিক ও আদর্শিক নেতৃত্ব। তাই জামায়াতে ইসলামীর নেতৃত্বে একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠন করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান। 


সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা ৮ আসনের নির্বাচন পরিচালক শামছুর রহমান।


 আরও বক্তব্য রাখেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমদ খান ও শরিফুল ইসলাম, মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আবদুস সাত্তার সুমন। রমনা থানা আমীর আতিকুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য সামছুল বারী, মুতাছিম বিল্লাহ, সরোয়ার হোসেন, সুলতান উদ্দিন প্রমুখ।


সভা শেষে, রাজধানীর মৌচাক, সিদ্ধেশ্বরী, মগবাজার, বাংলামোটর সড়ক হয়ে ইস্কাটনে এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থনে এক বিশাল মিছিল নিয়ে নেতাকর্মী প্রদক্ষিণ করে। এসময় নেতাকর্মীদের দাঁড়িপাল্লা স্লোগানে-স্লোগানে ঢাকা-৮ সংসদীয় এলাকা মুখরিত হয়ে উঠে।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com