পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

আপলোড সময় : ১৭-১০-২০২৫ ১১:২১:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-১০-২০২৫ ১১:২১:৩৯ পূর্বাহ্ন
মোঃ আব্দুল্লাহ আল মুকিম রাজু
পঞ্চগড় প্রতিনিধি 



পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ভূজারীপাড়া মোড় এলাকা থেকে ৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোহাম্মদ আবু তাহেরের নেতৃত্বে এএসআই জাহাঙ্গীর আলম, কনস্টেবল শফিকুল ইসলাম ও কনস্টেবল নিমাই চন্দ্র সমন্বয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর ২০২৫) রাতে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আশরাফুল ইসলাম (৩২)। তিনি পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সালটিয়াপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ভূজারীপাড়া মোড়ে মোটরসাইকেলযোগে ইয়াবা বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে আশরাফুল। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়।

তল্লাশিতে তার লুঙ্গির ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো পলিথিনের প্যাকেট থেকে ৯৮ পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট, একটি স্যামসাং বাটন মোবাইল ফোন এবং একটি লাল রঙের DAYANG ৮০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার ওজন ৯.৮ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে ডিবি পুলিশ।

অভিযান শেষে ধৃত আসামিকে মোটরসাইকেলসহ থানায় নেওয়ার সময় হাড়িভাসা বাজারের শ্রমিক অফিসের সামনে কয়েকজন ব্যক্তি পুলিশের পথরোধ করে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং মাদকবিরোধী অভিযানে বাধা প্রদান করে।

ডিবি পুলিশ জানায়, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের সহায়তায় পলাতকদের পরিচয় নিশ্চিত করা হয়। তারা হলো—
১. মোঃ তানজিলার রহমান (বাবু) (২৬), পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-সন্নাসীপাড়া, হাড়িভাসা ইউনিয়ন।
২. মোঃ আহসান হাবীব (২৮), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-পাইকারী পাড়া, একই ইউনিয়ন।

এছাড়াও আরও ৫-৬ জন অজ্ঞাতনামা সহযোগী পুলিশের কাজে বাধা দেয় বলে জানা গেছে।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৩৮ ও ৪২(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আশরাফুল ইসলামকে বুধবার আদালতে প্রেরণ করা হয়। মামলার তদন্ত চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা, পঞ্চগড়ের সংশ্লিষ্ট কর্মকর্তা।

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক

মোঃ গোলাম মাওলা শাওন

মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয়


৩১/১ শরীফ কমপ্লেক্স ৬ষ্ট তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : banglaralonewsbd@gmail.com