ট্রান্সফরমার চুরির মামলা রুজু না করায় থানার ওসিকে শোকজ
বিষয়টি আদালতের নজরে এলে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছেন মতলব উত্তর থানার আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ। আগামী ৮ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে চুরি প্রতিরোধে নিষ্ক্রিয়তার কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ আদেশ দেওয়া হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।
এর আগে পত্রিকায় প্রকাশিত ‘মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির হিড়িক’ শীর্ষক সংবাদ আমলে নেন আদালত। পরে ট্রান্সফরমার চুরি প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার এবং মতলব উত্তর থানার ওসিকে নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজারের দাখিল করা প্রতিবেদনে বলা হয়, ট্রান্সফরমার চুরির প্রতিটি ঘটনায় মতলব উত্তর থানার ওসি বরাবর মামলা দায়েরের জন্য আবেদন করা হয়েছিল।
তবে আদালতের আদেশের আগে এসব আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো মামলাই রুজু করা হয়নি। বিদ্যুতের মতো জরুরি সেবার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি হলেও মামলা করে চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ওসি মোহাম্মদ কামরুল হাসানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত।