বিজয়নগরে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল তরী বাংলাদেশ
বিজয়নগরে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল তরী বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ক্রমবর্ধমান পরিবেশদূষণ, নির্বিচারে বৃক্ষনিধন ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে যখন প্রাকৃতিক ভারসাম্য ক্রমেই বিপন্ন, তখন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশ সংরক্ষণের দায়িত্ববোধ তৈরিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন তরী বাংলাদেশ। সংগঠনটির বিজয়নগর
উপজেলা শাখার উদ্যোগে উপজেলার দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের নিয়মিত অ্যাসেম্বলির সময় এ কর্মসূচির আয়োজন করা হয়। শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষার বার্তা দেওয়া হয়। কর্মসূচিকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তরী বাংলাদেশ বিজয়নগর উপজেলা শাখার আহ্বায়ক সাদেকুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা
মাহমুদুর রহমান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না; বরং নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটি চারাকে পরিণত বৃক্ষে রূপ দেওয়াই প্রকৃত পরিবেশ-দায়িত্ব। তিনি শিক্ষার্থীদের প্রাপ্ত চারাগুলো উপযুক্ত স্থানে রোপণ করে নিয়মিত পরিচর্যার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে ব্যক্তিগত দায়িত্বের গণ্ডি পেরিয়ে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য দেন তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ। তিনি বলেন, পরিবেশ রক্ষার লড়াই কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংগঠনের একার পক্ষে সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সমন্বিত অংশগ্রহণ। শিক্ষাপ্রতিষ্ঠান হতে পারে সেই অংশগ্রহণ তৈরির অন্যতম কার্যকর ক্ষেত্র। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব চিন্তা ও আচরণ গড়ে তুলতে পারলে এর ইতিবাচক প্রভাব পরিবার ও বৃহত্তর সমাজেও ছড়িয়ে পড়বে। এ সময় আরও বক্তব্য দেন তরী বাংলাদেশের আহ্বায়ক সদস্য খালেদা মুন্নি, আহ্বায়ক সদস্য সুশান্ত পাল এবং বিজয়নগর উপজেলা শাখার সদস্য সচিব হোসাইন আলমগীর। দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান খান বলেন, শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণের উদ্যোগটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এর মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্ববোধও তৈরি হবে। তিনি শিক্ষার্থীদের হাতে পাওয়া চারাগুলো যথাযথ স্থানে রোপণ ও সযত্নে পরিচর্যার আহ্বান জানান। অনুষ্ঠানে তরী বাংলাদেশের সদস্য কাজী লোকমান হোসেন, রুবেল মিয়া, খাইরুল আলম জুয়েল, সুমন মিয়া, হাসিবুল হোসেন, খান আলাওল ইসলাম চৌধুরী, মো. শাহজাহান ও সিরাজুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে চারা গাছ তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, এ উদ্যোগের মাধ্যমে বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের ব্যক্তিগত দায়িত্ব ও সামাজিক অঙ্গীকারের সঙ্গে সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছে।
তরী বাংলাদেশ সূত্রে জানা গেছে, পরিবেশ বিপর্যয় প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ ও সবুজায়ন ত্বরান্বিত করতে ভবিষ্যতেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনপদে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করা হবে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স