ভাগ্য ফেরাতে স্পেনে, ‘আমাদের বাঁচান’ বলে চি'রবি'দায় ইউসুফের
ভাগ্য ফেরাতে স্পেনে, ‘আমাদের বাঁচান’ বলে চি'রবি'দায় ইউসুফের
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
পরিবারের ভাগ্য বদলানোর স্বপ্ন নিয়ে গত জুন মাসে স্পেনে পাড়ি জমিয়েছিলেন গাজীপুরের কালীগঞ্জের তরুণ ইউসুফ হাসান আলিফ (২৭)। নতুন দেশে গিয়ে নানা প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাচ্ছিলেন স্বপ্ন পূরণের পথে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর অবশেষে অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে পেয়েছিলেন কাঙ্ক্ষিত কাজের অনুমতি (ওয়ার্ক পারমিট)। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হলো না।
মাদ্রিদের একটি বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনি। মৃত্যুর আগমুহূর্তে সহকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বাঁচার আকুতি জানিয়ে ইউসুফ লিখেছিলেন, “আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।” এটিই হয়ে রইল তাঁর জীবনের শেষ বার্তা। রোববার (৩০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে স্পেনের রাজধানী মাদ্রিদের
আরগানসুয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে কানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে এ অগ্নিকাণ্ড ঘটে। নিহত ইউসুফ হাসান আলিফ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে। তাঁর পাসপোর্ট নম্বর A14584713। পেশায় তিনি ছিলেন ফুড ডেলিভারি রাইডার। স্বজনদের তথ্য অনুযায়ী, ভাগ্য পরিবর্তনের আশায় গত জুন মাসে স্পেনে যান ইউসুফ। নতুন দেশে গিয়ে কাজের অনুমতি পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন তিনি। দীর্ঘ অপেক্ষার পর অগ্নিকাণ্ডের মাত্র দুই দিন আগে তাঁর হাতে আসে ওয়ার্ক পারমিট। নতুন কর্মজীবন নিয়ে যখন সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। রোববার সন্ধ্যায় প্রতিদিনের মতো ফুড ডেলিভারির কাজে ব্যবহৃত সাইকেল আনতে ওই গ্যারেজে যান ইউসুফ। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে থাকা একটি ইলেকট্রিক বাইসাইকেলের ব্যাটারি হঠাৎ বিস্ফোরিত হলে মুহূর্তের মধ্যে গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে ঘন ধোঁয়া ও বিষাক্ত গ্যাস। এতে ইউসুফসহ তাঁর দুই সহকর্মী গ্যারেজের ভেতরে আটকা পড়েন।
ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রাণ বাঁচানোর জন্য সহকর্মীদের কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা পাঠান ইউসুফ। “আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।” জীবনের শেষ মুহূর্তে বাঁচার এই আকুতি জানানোর পর আর কোনো বার্তা পাঠাতে পারেননি তিনি। খবর পেয়ে মাদ্রিদ সিটি কাউন্সিলের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম শুরু করে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গ্যারেজে জমে থাকা বিষাক্ত গ্যাস অপসারণ করেন। নতুন করে অগ্নিকাণ্ডের আশঙ্কা এড়াতে গ্যারেজে থাকা অন্যান্য ইলেকট্রিক বাইসাইকেলও বাইরে সরিয়ে নেওয়া হয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘটনাস্থলেই চিকিৎসকরা ইউসুফ হাসান আলিফকে মৃত ঘোষণা করেন। আগুনে দগ্ধ তাঁর অপর দুই সহকর্মীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউসুফের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্পেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকায় শুরু হয়েছে শোকের মাতম। পরিবারের সদস্য ও স্বজনরা কিছুতেই মেনে নিতে পারছেন না এমন আকস্মিক মৃত্যু। যে তরুণটি পরিবারের ভবিষ্যৎ বদলানোর স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন, তাঁর সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেল। মাত্র দুই দিন আগে পাওয়া কাজের অনুমতিও আর কাজে লাগাতে পারলেন না ইউসুফ। পরিবারের জন্য কিছু করার আগেই প্রবাসের মাটিতে তাঁকে হারাতে হলো স্বজনদের। এদিকে ইউসুফের মৃত্যুর বিষয়টি স্থানীয় প্রশাসনও অবগত হয়েছে বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম. কামরুল ইসলাম। তিনি বলেন, “বিষয়টি আমরা অবগত হয়েছি। তবে পরিবারটি বর্তমানে শোকের মধ্যে থাকায় এখনো আনুষ্ঠানিকভাবে প্রশাসনকে বিষয়টি জানায়নি। তারা প্রশাসনের সহযোগিতা চাইলে গাজীপুর জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ইউসুফের মামাতো ভাই ও বার্সেলোনা প্রবাসী শফিকুল ইসলাম রাসেল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মাত্র দুই মাস আগে স্বপ্ন নিয়ে স্পেনে যাওয়া ইউসুফের জীবন থেমে গেল একটি গ্যারেজের আগুনে। পরিবারের প্রত্যাশা ছিল, একদিন তিনি সফল হয়ে দেশে ফিরবেন। কিন্তু সেই প্রত্যাবর্তন আর জীবিত অবস্থায় হলো না। এখন স্বজনদের অপেক্ষা শুধু প্রিয় মানুষটির মরদেহ দেশে ফেরার।
যে ইউসুফ পরিবারের ভবিষ্যৎ বদলানোর স্বপ্ন নিয়ে বিদেশে গিয়েছিলেন, শেষ পর্যন্ত তাঁর নিজের জীবনটাই হয়ে গেল এক অপূর্ণ গল্প। আর মৃত্যুর আগে পাঠানো সেই কয়েকটি শব্দ-“আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে”-হয়ে রইল তাঁর জীবনের সবচেয়ে হৃদয়বিদারক শেষ স্মৃতি। ###
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স