নরসিংদীতে পুলিশের অভিযান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য-অস্ত্রসহ গ্রেপ্তার ২৩৭
নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতে মাদক, অবৈধ অস্ত্র ও চোরাচালানবিরোধী সপ্তাহব্যাপী এক অভিযানে ২৩৭ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গত ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত পরিচালিত এই যৌথ অভিযানে প্রায় ১ কোটি ৮৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ মালামাল, মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নরসিংদীকে অপরাধ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’
পুলিশ সূত্রে জানা যায়, র্যাব, এপিবিএন ও আরআরএফের সহায়তায় জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে যুক্তরাষ্ট্রে তৈরি ১টি পিস্তল, ১টি এলজি, ১৩টি গুলি, ৮ হাজার ৬৩৩টি ইয়াবা, ২৫০ কেজি গাঁজা ও ৪৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এছাড়া প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, প্রসাধনীসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
শিবপুরের দক্ষিণ কারারচর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে এসব ভারতীয় চোরাই পণ্য জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে অভিযান চলাকালীন সময়ে মনোহরদী উপজেলার কীর্তিবাসদী গ্রামে এক যুবক হত্যাকাণ্ডের শিকার হন। ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদ্ঘাটন করে নিহতের বাবা আতাউর রহমান মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পাশাপাশি জেলার বিভিন্ন চেকপোস্টে ১ হাজার ৮৬৬টি যানবাহনে তল্লাশি চালানো হয়। লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০১টি মামলা দায়ের, ৩৫টি মোটরসাইকেল আটক এবং ৯ লাখ ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
সপ্তাহব্যাপী এই অভিযানে আদালতের ৩০৫টি গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি এবং নতুন করে ৮৮টি মামলা নথিভুক্ত করা হয়েছে।