গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, কমতে শুরু করেছে লোডশেডিং
নিজস্ব প্রতিবেদক
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, মহেশখালীর এলএনজি টার্মিনাল মেরামতের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। সেই সাথে বিদ্যুতের লোডশেডিংও কমে এসেছে।
রোববার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বর্তমানে চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী নয় সরকার। যুদ্ধের কারণে এই সংকট তৈরি হয়েছে। এর পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটি দেখা দিয়েছিল। এরই মধ্যে সেটি মেরামত করা হয়েছে।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এলএনজি ভর্তি কার্গো এরই মধ্যে এসে পৌঁছেছে। এতে গ্যাসের সরবরাহ ও চাপ বেড়েছে।
নতুন দায়িত্ব সম্পর্কে রিজভী বলেন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন করে কমিটি করা হবে। নতুন নেতৃত্ব এসব অঙ্গ সংগঠনের দায়িত্বে আসবেন। এ প্রক্রিয়া চলমান থাকবে।