ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-২৩ ১২:২৯:২৭
অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক


বাংলাদেশ নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। 

 

রোববার সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

 

এর আগে গত ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মিসবাহ উল আজীম। ওই সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এম জে আরিফ বেগের সই করা প্রজ্ঞাপনে তাকে ২০২৯ সালের ২২ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

চার দশকের সামরিক জীবন

অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম ১৯৮৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন। ১৯৮৯ সালে তিনি এক্সিকিউটিভ শাখায় কমিশন লাভ করেন। পরে রয়্যাল মালয়েশিয়ান নৌবাহিনীতে বিশেষ কৃতিত্বের সঙ্গে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করেন।

দেশ-বিদেশে উচ্চতর শিক্ষা ও সামরিক প্রশিক্ষণ নিয়েছেন তিনি। পাশাপাশি মেরিটাইম গভর্ন্যান্স বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

প্রায় চার দশকের কর্মজীবনে বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণমূলক দায়িত্ব পালন করেছেন খোন্দকার মিসবাহ উল আজীম।

তিনি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার ঢাকা নৌ অঞ্চল, কমান্ডার সাবমেরিন এবং কমান্ড্যান্ট বাংলাদেশ নেভাল একাডেমিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 

এ ছাড়া নৌ সদর দপ্তরে পরিচালক নৌ অপারেশনস এবং পরিচালক নৌ পরিকল্পনা হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন যুদ্ধজাহাজ ও নৌঘাঁটির অধিনায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

 

জাতিসংঘ মিশন ও রাষ্ট্রদূতের দায়িত্ব

খোন্দকার মিসবাহ উল আজীম লেবানন ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ওই দায়িত্বে থাকাকালে বাংলাদেশ ও ওমানের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

প্রায় ৪০ বছরের কর্মজীবনে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি নৌবাহিনী পদক (এনবিপি), নৌ-পারদর্শিতা পদক (এনপিপি) ও জাতীয় শুদ্ধাচার পুরস্কারসহ বিভিন্ন পদক ও সম্মাননা পেয়েছেন।


 



নিউজটি আপডেট করেছেন : News Room 3

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ