জাপানে ৫.৯ মাত্রার ভূ'মি'ক'ম্প, আ'হ'ত ২৩
নিজস্ব প্রতিবেদক
জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে টোকিওসহ আশপাশের এলাকায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপান আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে রোববার ভোরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। এর গভীরতা ছিল প্রায় ৭০ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে।
আহতদের মধ্যে সাইতামায় ৯ জন, কানাগাওয়ায় ৯ জন, চিবায় ৪ জন এবং ইবারাকিতে একজন রয়েছেন। বেশিরভাগই ঘুমের মধ্যে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে গিয়ে বা আসবাবপত্র ও দরজায় আঘাত পেয়ে আহত হন। ইয়োকোহামায় ৮০-এর কোঠার এক নারী বিছানা থেকে পড়ে গুরুতরভাবে নিতম্বে আঘাত পেয়েছেন।
ভূমিকম্পের কারণে টোকিও ও নারিতা বিমানবন্দরগামী দ্রুতগতির ট্রেনসহ কয়েকটি রেলসেবা বিঘ্নিত হলেও শিনকানসেন বুলেট ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
টোকিওর কোতো এলাকায় একটি ভূগর্ভস্থ পানির পাইপ ফেটে সড়কে পানি ছড়িয়ে পড়ে। পরে সেটি মেরামত করা হয়। এছাড়া প্রায় ৪৬০টি বাড়িতে সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন হলেও পরে সরবরাহ স্বাভাবিক হয়।
জাপানের পারমাণবিক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি পর্যালোচনায় সরকার একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে।