খাগড়াছড়িতে ব'জ্র'পা'তে স্বামী-স্ত্রীর মৃ'ত্যু'
=
নিজস্ব প্রতিবেদক
খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ির থলিপাড়া পুনর্বাসন এলাকায় বজ্রপাতে এক দম্পতির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন উচিমং মারমা (৫৫) ও তার স্ত্রী চাইঞাও মারমা (৪৫)।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গ্রাম কার্বারী কান্তা ত্রিপুরা নিহত দম্পতির বড় ছেলের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দম্পতির বড় ছেলে আখং মারমা জানান, সন্ধ্যায় মুষলধারে বৃষ্টির সময় তার বাবা ঘরের সামনের উঠানে গোসল করছিলেন এবং মা ঘরের দরজায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বজ্রপাতের ফলে তাদের ঘরের সোলার প্যানেলসহ অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
খাগড়াছড়ির গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাহক্রিয়া সম্পন্ন করার উদ্দেশ্যে সহায়তার জন্য বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) জানানো হয়েছে।