‘আইজিপি বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবে’
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, পুলিশের আইজিপি বিরোধীদলকে দমন করতে চাইলে অবস্থা বেনজীরের চেয়েও খারাপ হবে।
শনিবার গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তাকে এ কথা বলতে শোনা যায়।
সারজিস বলেন, একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যখন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ মঞ্চে কথা বলছিলেন, তখন বর্তমান আইজিপি এসে তার কানে কানে জিজ্ঞেস করেন প্রতিবাদকারীদের বের করে দেবেন কি না। স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধানমন্ত্রীকে খুশি করতে বা তোষামোদ করার জন্য একজন আইজিপি যখন বিরোধী মতকে বের করে দিতে চান, তখন তার মধ্যে মূলত সাবেক আইজিপি বেনজীরের চরিত্রের প্রতিফলন বা প্রতিনিধিত্ব দেখা যায়। এই ধরণের কিছু মানুষের চাটুকারিতা ও মানসিকতার কারণে বাংলাদেশ পুলিশ একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে সরকারের ‘পেটোয়া বাহিনীতে’ পরিণত হয়েছে এবং নিজের গৌরব ও মর্যাদা হারিয়েছে।
এনসিপি নেতা বলেন, তারা যদি পূর্বসূরিদের মতো একই পথে হাঁটেন, তবে ভবিষ্যতে পেটোয়া বাহিনীর কর্মকর্তাদের পরিণতি সাবেক আইজিপি বেনজীরের চেয়েও খারাপ হবে।
তিনি আরো বলেন, যারা প্রকৃতপক্ষে অপরাধের সাথে জড়িত নয়, মামলা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে; আর যারা নিজেরা এসব অপরাধ করে, তারাই মূলত এই মামলাগুলো দিচ্ছে।