ভাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গা-মাওয়া মহাসড়কের ভাঙ্গা রেলস্টেশন মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও পথচারী নিহত হয়েছেন।
নিহতরা হলেন পৌরসভার ছিলেধরচর মহল্লার ইলিয়াস শেখের ছেলে হৃদয় শেখ ও নগরকান্দা উপজেলার সদর এলাকার এনায়েত মুন্সীর ছেলে সাকিব মুন্সী।
বুধবার রাত সাড়ে আটটার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের নিহতের ঘটনাটি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান।
ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান জানিয়েছেন, নগরকান্দা উপজেলার পৌর সদরের এনায়েত মুন্সীর ছেলে সাকিব মুন্সী ভাঙ্গা ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ে ঘুরতে এসেছিলেন। সান্ধ্যকালীন সেখানে সময় কাটিয়ে রাতে ঘরে ফিরছিলেন। পথিমধ্যে রেললাইন স্টেশনের পথের বাঁকে বজলুর চায়ের দোকানের সামনে আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী হৃদয় শেখের ওপর দিয়ে মোটরসাইকেল তুলে দেন। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে নিহত হন মোটরসাইকেল চালক এনায়েত মুন্সী ও মোটরসাইকেলের আঘাতে নিহত হন হৃদয় শেখ। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে ও থানার পুলিশ দুই যুবকের লাশ উদ্ধার করে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আয়েশা আকতার তুর্ণা জানান, দুই যুবককে স্বজনেরা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।