ঢাকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষকের ৮ দিনেও ফেরেনি জ্ঞান, গ্রেপ্তার হয়নি কোন আসামি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৯ ১৩:৫৬:২২
লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষকের ৮ দিনেও ফেরেনি জ্ঞান, গ্রেপ্তার হয়নি কোন আসামি লালমনিরহাটে অনলাইন জুয়ার প্রতিবাদ করায় কলেজ শিক্ষককে কুপিয়ে জখম, হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষকের ৮ দিনেও ফেরেনি জ্ঞান, গ্রেপ্তার হয়নি কোন আসামি
একরামুল হক একরাম,লালমনিরহাট প্রতিনিধিঃ


লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়াক্যাসিনোর প্রতিবাদ করায় আরিফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ জুয়া চক্রের বিরুদ্ধে। হামলার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত আট দিন ধরে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। আহত আরিফুল ইসলাম লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক।



তিনি আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিকের ছেলে। এ ঘটনায় আরিফুল ইসলামের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে ঘটনার পরদিন আদিতমারী থানায় মামলা করেছেন। মামলায় ছয়জন কথিত অনলাইন জুয়া-ক্যাসিনো ব্যবসায়ীসহ মোট ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া এলাকায় দীর্ঘদিন ধরে রহিদুল ইসলাম, হাসান আলী ও মাসুদ আলীসহ কয়েকজন অনলাইন জুয়া ও ক্যাসিনোর কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। তাদের মাধ্যমে এলাকার অনেকেই অনলাইন জুয়ায় জড়িয়ে সর্বস্বান্ত হয়েছেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। জুয়ার টাকা পরিশোধ করতে না পেরে কেউ কেউ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন এবং কেউ পরিবার-পরিজন ছেড়ে ঢাকায় চলে গেছেন বলেও অভিযোগ করা হয়েছে।


এজাহারে আরও বলা হয়, স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষক আরিফুল ইসলাম সচেতন নাগরিক হিসেবে দীর্ঘদিন ধরে ওই যুবকদের অনলাইন জুয়া ও ক্যাসিনো থেকে বিরত থাকার জন্য সতর্ক করে আসছিলেন। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ না করলে বিষয়টি পুলিশকে জানানো হবে বলেও তিনি তাদের জানিয়েছিলেন। এর জেরে ক্ষিপ্ত হয়ে গত ১ আগস্ট দুপুরে কলেজ থেকে বাড়ি ফেরার পথে আরিফুল ইসলামের ওপর হামলা চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা তাকে লোহার রড দিয়ে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। আহত শিক্ষকের বাবা আবু বক্কর সিদ্দিক বলেন, “আমার ছেলের অবস্থা ভালো নয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। গত আট দিন ধরে হাসপাতালে মৃ'ত্যুর সঙ্গে লড়ছে। এখনো তার জ্ঞান ফেরেনি। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন। মামলা করার সাত দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা হয়নি।” মা'মলা দায়েরের পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজিব বলেন, “এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলে তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” একরামুল হক একরাম,লালমনিরহাট। মোবাঃ ০১৭০২৩৩৪২৯১//৮-৮-২৬ ইং ছবি সহ----


নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ