ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৮-০৭ ২৩:৩৮:২৪
বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন বাকৃবিতে ৩১৮ গবেষণাপত্র নিয়ে বিএসভিইআরের সম্মেলন



বিএসভিইআরের সম্মেলন বাকৃবি প্রতিনিধি



বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চের (বিএসভিইআর) ৩২তম বার্ষিক বৈজ্ঞানিক সম্মেলন আগামীকাল অনুষ্ঠিত হবে সম্মেলনের প্রতিপাদ্য বিষয় ‘ভেটেরিনারি শিক্ষা ও গবেষণার জ্ঞানকে টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় কাজে লাগানো’। এবারের সম্মেলনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপিত হবে, যার মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা। শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম, ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, বিএসভিইআরের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা, সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুব আলম এবং সদস্যসচিব অধ্যাপক ড. তাহসিন ফারজানা। বিএসভিইআরের কার্যনির্বাহী কমিটির সাধারণ-সম্পাদক অধ্যাপক ড. সুকুমার সাহা লিখিত বক্তব্যে বলেন, এবারের সম্মেলনে দেশ-বিদেশের প্রায় সাড়ে ৬০০ গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও ভেটেরিনারিয়ান অংশ নেবেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক রবিন এল্ডার্স মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মেলনে মোট ৩১৮টি গবেষণাপত্র উপস্থাপিত হবে, যার মধ্যে ১১৬টি মৌখিক এবং ২০২টি পোস্টার উপস্থাপনা। প্রাণীর সংক্রামক রোগ, ভ্যাকসিন উন্নয়ন, মলিকুলার ডায়াগনস্টিকস, খাদ্য নিরাপত্তা, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, প্রাণিসম্পদ উৎপাদন, জনস্বাস্থ্য, বন্যপ্রাণী ও জলজ প্রাণির স্বাস্থ্য, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং ওয়ান হেলথভিত্তিক বিভিন্ন গবেষণা এতে স্থান পাবে।


তিনি আরও বলেন, শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থী, বিশেষ করে মাস্টার্স ও পিএইচডি গবেষকরা আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক পরিমণ্ডলে তাদের গবেষণা উপস্থাপনের সুযোগ পাবেন। এতে তাদের গবেষণার মান ও উপস্থাপনা দক্ষতা আরও সমৃদ্ধ হবে। তিনি বলেন, আমরা শুধু গবেষণার মধ্যেই সীমাবদ্ধ থাকতে চাই না। গবেষণার ফল যেন খামারিদের হাতে পৌঁছায় এবং তারা যেন এর বাস্তব সুফল পান, সেটিই আমাদের লক্ষ্য। গবেষণার মাধ্যমে দেশের মানুষের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখতে চাই। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সম্মেলনে উদ্দোক্তা বিষয়ক সেশনের আয়োজন করা হয়েছে।


সেখানে সফল উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন, যা নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে। বিএসভিইআরের সভাপতি অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, গবেষণাগারে উদ্ভাবিত প্রযুক্তিকে মাঠপর্যায়ে পৌঁছে দেওয়াই এ সম্মেলনের অন্যতম প্রধান লক্ষ্য। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) নিয়ন্ত্রণ, ভ্যাকসিনের কার্যকর ব্যবহার, মলিকুলার ডায়াগনোসিস এবং দ্রুত রোগ শনাক্তকরণের মাধ্যমে প্রাণির মৃত্যুহার কমিয়ে উৎপাদন বৃদ্ধির উপায় নিয়ে সম্মেলনে বিস্তারিত আলোচনা হবে।


তিনি বলেন, শিক্ষক, গবেষক, মাঠপর্যায়ের ভেটেরিনারিয়ান, উদ্যোক্তা ও নীতিনির্ধারকদের সমন্বয়ে সম্মেলনে প্রাপ্ত সুপারিশগুলো সংকলন করে সরকারের কাছে উপস্থাপন করা হবে। এসব সুপারিশ ভবিষ্যতে প্রাণিসম্পদ উন্নয়ন ও জনস্বাস্থ্যবিষয়ক নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ