মদনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পালাল সহযোগী
মদনে ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পালাল সহযোগী
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার মদন উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ সাবিরুল ইসলাম (২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তবে অভিযানের সময় ডিএনসি সদস্যদের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম হোসেন (৩৫) নামে অপর এক মাদক কারবারি পালিয়ে যায়।
বুধবার (৫ আগস্ট) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসির একটি রেইডিং টিম মদন উপজেলার দক্ষিণপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৪০০ পিস ইয়াবাসহ সাবিরুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়। অভিযানের সময় সাদ্দাম হোসেন পালিয়ে যেতে সক্ষম হন।
ডিএনসি জানায়, জব্দ করা ইয়াবার ওজন প্রায় ৪০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য এক লাখ ৬০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন ১০০ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার মূল্য প্রায় ৫০ হাজার টাকা। উদ্ধার করা আলামতের মোট বাজারমূল্য প্রায় দুই লাখ ১০ হাজার টাকা।
গ্রেফতারকৃত সাবিরুল ইসলাম মদন দক্ষিণপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। পলাতক সাদ্দাম হোসেন একই এলাকার নুরু মিয়ার ছেলে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সালাহ উদ্দীন করিম মুঠোফোনে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স