ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ৮৮০ মিটার সড়ক ডিসেম্বরের মধ্যে সম্পন্নের আশ্বাস, সায়েদাবাদ টার্মিনালে উচ্ছেদ অভিযানও পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৭-০৯ ১৭:৫৪:০২
মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন  ৮৮০ মিটার সড়ক ডিসেম্বরের মধ্যে সম্পন্নের আশ্বাস, সায়েদাবাদ টার্মিনালে উচ্ছেদ অভিযানও পরিদর্শন মানিকনগর প্রধান সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ৮৮০ মিটার সড়ক ডিসেম্বরের মধ্যে সম্পন্নের আশ্বাস, সায়েদাবাদ টার্মিনালে উচ্ছেদ অভিযানও পরিদর্শন
নিজস্ব প্রতিবেদক 


জাহিদুল আলম ঢাকা রাজধানীর মুগদা থানাধীন ঐতিহ্যবাহী মানিকনগর প্রধান সড়কের দীর্ঘ প্রতীক্ষিত আধুনিকায়ন উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ৭ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় ও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী অনুষ্ঠানে অংশ নেন। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত থাকা মানিকনগর প্রধান সড়কের কারণে এলাকাবাসী নানা ভোগান্তির শিকার হচ্ছিলেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই সড়কের উন্নয়ন কাজ শুরু হওয়ায় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবায়িত হচ্ছে।


তিনি বলেন, উন্নয়ন কাজ শেষ হলে মুগদা, মানিকনগর ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও আধুনিক হবে। একই সঙ্গে স্মার্ট ও উন্নত ঢাকা-৯ গড়ে তুলতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নাগরিক সেবার মান বৃদ্ধিতেও সরকার কাজ করে যাচ্ছে। ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই অবহেলিত ও জনদুর্ভোগপূর্ণ সড়কগুলোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় মানিকনগর বিশ্বরোড থেকে মানিকনগর পুকুরপাড় পর্যন্ত ৮৮০ মিটার প্রধান সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে।

গুণগত মান নিশ্চিত করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে সড়কটি নগরবাসীর জন্য উন্মুক্ত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা, যানজট ও চলাচলে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হতো। আধুনিকায়ন শেষে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এদিকে সকালে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং সেখানে পরিচালিত উচ্ছেদ অভিযান তদারকি করেন। তিনি টার্মিনালের পরিবেশ, যাত্রীসেবা, পরিচ্ছন্নতা, যানবাহন চলাচল, অবৈধ দখল ও শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন। পরিদর্শনকালে তিনি জানান, টার্মিনালে যান চলাচল আরও সুশৃঙ্খল করতে প্রবেশ ও প্রস্থানে চারটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হবে। সরকারের নির্দেশনা অনুযায়ী সব বাস কাউন্টার টার্মিনালের ভেতরে স্থানান্তর করতে হবে। পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে আগামী ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে।


তিনি আরও জানান, সায়েদাবাদকে শুধু সিটি টার্মিনাল হিসেবে রাখা হবে এবং আন্তজেলা বাস কাঁচপুরে স্থানান্তর করা হবে। পাশাপাশি গুলিস্তানের টার্মিনালও কেরানিগঞ্জে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে রাজধানীর পরিবহন ব্যবস্থায় দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। উন্নয়ন কাজের উদ্বোধনকে স্বাগত জানিয়েছেন মানিকনগর এলাকার বাসিন্দারা। তাদের আশা, নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন হলে বহু বছরের ভোগান্তির অবসান ঘটবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থা নতুন গতি পাবে।

নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ