নেত্রকোনায় ঝুঁকিপূর্ণ ফুটব্রিজ অপসারণ করে প্রশস্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
নেত্রকোনায় ঝুঁকিপূর্ণ ফুটব্রিজ অপসারণ করে প্রশস্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা শহরের আনন্দ বাজার এলাকায় মগড়া নদীর ওপর নির্মিত জরাজীর্ণ ফুটব্রিজ অপসারণ করে সেখানে প্রশস্ত সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১১টায় আনন্দ বাজার মোড়ে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘জনউদ্যোগ’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলা শহরের যানজট নিরসন ও জনসাধারণের নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত সময়ের মধ্যে নতুন সেতু নির্মাণ অত্যন্ত জরুরি।
তারা অভিযোগ করেন, ১৯৯৩ সালে সাতপাই এলাকার বাসিন্দাদের সঙ্গে আনন্দ বাজার ও হোসেনপুর আন্তঃজেলা বাসস্ট্যান্ডের সহজ যোগাযোগ নিশ্চিত করতে মগড়া নদীর ওপর ফুটব্রিজটি নির্মাণ করা হলেও বর্তমানে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
বক্তারা আরও বলেন, সময়ের সঙ্গে নেত্রকোনা শহরের জনসংখ্যা ও যানবাহনের সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। কিন্তু বিকল্প সড়ক ব্যবস্থা গড়ে না ওঠায় শহরের একমাত্র প্রধান সড়কে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। ফলে প্রতিদিন দীর্ঘ যানজটের কবলে পড়ে ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
মানববন্ধনে জেলা জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল, শিকড় উন্নয়ন কর্মসূচির সভাপতি আ ফ ম রফিকুল ইসলাম আপেল, সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ, সাংবাদিক সুজাদুল ইসলাম ফারাস, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সানাউল্লাহসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
বক্তারা অবিলম্বে ঝুঁকিপূর্ণ ফুটব্রিজটি ভেঙে সেখানে যান চলাচলের উপযোগী প্রশস্ত সেতু নির্মাণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স