ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়াগাজীর মেলায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার, পলাতক ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-০২ ১৯:৪৫:২৮
বুড়াগাজীর মেলায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার, পলাতক ৩ বুড়াগাজীর মেলায় জাল টাকাসহ দুই কারবারি গ্রেপ্তার, পলাতক ৩
নিজস্ব প্রতিবেদক
রংপুরের পীরগাছা উপজেলায় বুড়াগাজীর মেলা চলাকালে জাল টাকাসহ দুই পেশাদার কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও ২-৩ জন সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 
শুক্রবার দিবাগত রাতে উপজেলার ছাওলা ইউনিয়নের হরিরাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ টাকা মূল্যমানের ৮টি জাল নোট উদ্ধার করা হয়েছে।


গ্রেপ্তারকৃতরা হলেন— হরিরাম এলাকার মৃত মোতালেব হোসেনের ছেলে সাহাজুল ইসলাম (২৮) এবং মৃত হাবিবুর রহমানের ছেলে সুমন মিয়া (৩৩)। অভিযানে আব্দুস ছালাম (৫০) নামে এক সহযোগীসহ আরও কয়েকজন পালিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার এসআই মো. শাহজাহান কবির ও শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে একটি দল বুড়াগাজীর মেলা সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অন্নদানগর ইউনিয়নের বামন সর্দার গ্রামের একটি বাড়িতে জাল টাকা আসল হিসেবে বাজারে ছাড়ার প্রস্তুতির সময় রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সাহাজুল ইসলাম ও সুমন মিয়াকে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সাহাজুলের প্যান্টের পকেট থেকে ৫টি এবং সুমনের শার্টের পকেট থেকে ৩টি, মোট ৮টি জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা পলাতক আব্দুস ছালামের কাছ থেকে এসব জাল টাকা সংগ্রহ করে মেলায় আসল টাকা হিসেবে চালানোর পরিকল্পনা করেছিল।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সাহাজুল ইসলামের বিরুদ্ধে পীরগাছা থানায় মাদক ও জাল টাকাসংক্রান্ত ৪টি এবং সুমন মিয়ার বিরুদ্ধে ২টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।

পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : nafizhasan889900@gmail.com

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ