চ্যানেল ওয়ানের মিথ্যা সংবাদের দাবিতে কেন্দুয়ায় সংবাদ সম্মেলন
আপডেট সময় :
২০২৬-০৪-৩০ ১৭:২২:০৯
চ্যানেল ওয়ানের মিথ্যা সংবাদের দাবিতে কেন্দুয়ায় সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মোঃ আশরাফুল হক টিপু নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) কেন্দুয়া প্রেসক্লাব অডিটিরিয়াম এ আয়োজিত সংবাদ সন্মেলনে তিনি বলেন, সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে “পিলখানায় লুট কোটিপতি সাবেক বিডিআর সদস্য” শিরোনামে তার নামে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করেছে।
সংবাদ সম্মেলনে আরো বলেন, তিনি কেন্দুয়া উপজেলার ভরাপাড়া গ্রামের বাসিন্দা। ১৯৯৮ সালে বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বিজিবি)-এ যোগদান করেন এবং ২০১১ সালের নভেম্বর মাসে বাধ্যতামূলক অবসরে আসেন। পরে তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগ দেন এবং বর্তমানে সিনিয়র রিজিওনাল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি পোল্ট্রি খামার, ফিসারিজ ও গরুর খামারের ব্যবসার সঙ্গে জড়িত।
তিনি দাবি করেন, পিলখানা ঘটনার সময় তিনি কোনো ধরনের লুটপাটের সঙ্গে জড়িত ছিলেন না এবং কখনো জেলেও যাননি। ওই সময় তিনি খাগড়াছড়ি ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনে কর্মরত ছিলেন এবং বিশেষ প্রশিক্ষণের জন্য ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পরদিন কর্তৃপক্ষের নির্দেশে কর্মস্থলে ফিরে যান।
নিজের সম্পদ সম্পর্কে তিনি বলেন, তার নামে সীমিত পরিমাণ জমি, দোকানঘর ও বসতবাড়ি রয়েছে, যা বৈধ উপার্জনের মাধ্যমে অর্জিত। এছাড়া তার স্ত্রীর নামে কৃষিজমি ও কেন্দুয়া পৌরসভার সাউদপাড়া এলাকায় একটি একতলা বাড়ি রয়েছে, যার জন্য নিয়মিত সরকারি রাজস্ব পরিশোধ করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষ ইউসুফ আব্দুল্লাহর সঙ্গে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। প্রতিপক্ষের প্ররোচনায় মিথ্যা তথ্য দিয়ে সংবাদটি প্রচার করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানান।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স