আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও প্রবাসী চিকিৎসক ডাঃ মোঃ রোকনুজ্জামান কিরণের বসতবাড়িতে লুটপাটের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নগদ অর্থ, স্বর্ণালংকার, গুরুত্বপূর্ণ দলিলপত্র ও আসবাবপত্রসহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ভুক্তভোগী ডাঃ রোকনুজ্জামান কিরণ উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের দক্ষিণ শিংঝাড় (নয়াপাড়া) এলাকার বাসিন্দা। দীর্ঘদিন চীনে প্রবাস জীবন কাটানোর পর দেশে ফিরে তিনি এলাকায় সমাজসেবা, মাদকবিরোধী কার্যক্রম এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কাজ করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবেও তিনি পরিচিত।
ভুক্তভোগীর তথ্য অনুযায়ী, গত ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত তিনি পরিবারসহ রংপুরে অবস্থান করছিলেন। এই সুযোগে দুর্বৃত্তরা তার বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র তছনছ করে মূল্যবান মালামাল লুট করে এবং শয়নকক্ষসহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়।
বাড়ির দেখভালের দায়িত্বে থাকা আলেফ উদ্দিন জানান, ২৬ এপ্রিল রাতে আবহাওয়া খারাপ থাকায় তিনি রাত ১২টার দিকে বাড়ি বন্ধ করে চলে যান। পরদিন সকাল ১০টার দিকে ধান মাড়াইয়ের শ্রমিকরা বাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে তাকে খবর দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এবং মালিককে বিষয়টি জানানো হয়। এলাকাবাসী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে।
ঘটনার পর বাড়িতে ফিরে ডাঃ রোকনুজ্জামান কিরণ দেখেন, নিচতলার অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে গেছে। দেশ-বিদেশ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিগত নথি, জমির দলিল, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক সংক্রান্ত কাগজপত্র, স্ত্রীর শিক্ষা সনদসহ বহু মূল্যবান নথি আগুনে ধ্বংস হয়েছে।
ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে রয়েছে দুটি এসি, একটি এলইডি টিভি, তিনটি সিলিং ফ্যান, একটি তোশিবা ল্যাপটপ, প্রায় পাঁচ ভরি স্বর্ণালংকার, একটি হীরার গহনার সেট, জমি কেনার জন্য রাখা প্রায় ১৩ লাখ টাকা নগদ, ড্রোন, ক্যামেরা, মোবাইল ফোন, ফার্নিচার, পর্দা, পোশাক, ঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী। ভুক্তভোগীর দাবি অনুযায়ী, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৪২ লাখ ৪৮ হাজার টাকা।
স্থানীয়দের অভিযোগ, পরিকল্পিতভাবে বড় ধরনের ক্ষতি সাধনের উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। নির্বাচনকে সামনে রেখে তাকে আতঙ্কিত করতেই এ হামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডাঃ রোকনুজ্জামান কিরণ বলেন, “আমি এলাকায় সমাজসেবা ও মাদকবিরোধী কর্মকাণ্ড চালিয়ে আসছি এবং আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছি। পরিকল্পিতভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করতেই এই অগ্নিসংযোগ করা হয়েছে বলে আমার বিশ্বাস।”
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিম উদ্দিন জানান, “নির্বাচনকে কেন্দ্র করে শত্রুতাবশত এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।”