লাখাইয়ে ৩ সন্তানসহ গৃহবধূর বিষপান,হাসপাতালে চিকিৎসাধীন
লাখাইয়ে ৩ সন্তানসহ গৃহবধূর বিষপান,হাসপাতালে চিকিৎসাধীন
স্বপন রবি দাশ, হবিগঞ্জ প্রতিনিধি।।
হবিগঞ্জের লাখাই উপজেলায় স্বামীর অবহেলা ও পারিবারিক কলহের জেরে তিন সন্তানসহ এক গৃহবধূ বিষপান করেছেন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন।
গতকাল শনিবার দুপুরে উপজেলার মোড়াকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। বিষপানকারী গৃহবধূ আছমা বেগম। তার সন্তানরা হলো-তানিয়া আক্তার (৭), তাহমিনা (৩) ও ছয় মাস বয়সী তানভীর।
স্থানীয় সূত্রে জানা যায়, আছমা বেগমের স্বামী কামাল মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, কামাল মিয়া সংসারের দায়িত্ব পালন করতেন না এবং মাদক ও জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। এ অবস্থায় তিন সন্তান নিয়ে আছমা বেগম মানবেতর জীবনযাপন করছিলেন।
এ পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে তিনি প্রথমে সন্তানদের বিষপান করান এবং পরে নিজেও বিষপান করেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে হবিগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল এবং আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, মা ও সন্তানরা চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ঘটনার পর স্বামী কামাল মিয়া হাসপাতালে এসে তাদের অবস্থা দেখে সেখান থেকে চলে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
নিউজটি আপডেট করেছেন : lifestyledesign847@gmail.com
কমেন্ট বক্স