হিজলায় নতুন ওসির শ্বাসরুদ্ধকর অভিযান: ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালের হিজলা থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান মিয়ার নেতৃত্বে মাদকবিরোধী এক সফল অভিযান পরিচালিত হয়েছে। গতকাল ২৫ এপ্রিল (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার পশ্চিম কোড়ালিয়া সাকিনে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো— নরসিংহপুর এলাকার কাজী নুর নবীর ছেলে কাজী রফিকুল (৩০) এবং দক্ষিণ গুয়াবাড়িয়া এলাকার আবুল কালাম বেপারীর ছেলে মোঃ মেহেদী হাসান (২১)।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি মোঃ সোলায়মান নিজে ফোর্সসহ সরেজমিনে উপস্থিত থেকে হিজলা থানাধীন ৩নং গুয়াবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পশ্চিম কোড়ালিয়া এলাকায় অবস্থান নেন। এসময় আলমগীর হাওলাদারের বাড়ির দক্ষিণ পাশের ব্রিজের ওপর মাদক কেনাবেচার সময় হাতেনাতে ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। হিজলা থানাকে মাদকমুক্ত করতে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের এই ঝটিকা অভিযানে এলাকায় স্বস্তি নেমে এসেছে।